দুর্নীতি, স্বজনপ্রীতির কোনো স্থান নেই : নাহিদ

১৮ আগষ্ট, ২০২৪ ১৯:৩৮  

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডসহ দেশে সাংবাদিকদের ওপর যত নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটেছে, সেগুলোর বিচার নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। একইসঙ্গে দুর্নীতি, স্বজনপ্রীতির কোনো স্থান নেই জা‌নি‌য়ে স্বাধীণ গণমাধ্যম কমিশন গঠনের ইঙ্গিত দিয়ে তিনি ব‌লে‌ছেন, আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি। এর রূপরেখা কি হবে সেটা সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে ঠিক করবো। সাংবাদিক সমাজের সঙ্গে আলোচনা করে তাদের বক্তব্যের প্রেক্ষিতে এই উদ্যোগগুলো নিতে চাচ্ছি।

সাগর-রুনি হত্যার বিচার সরকার দ্রুত সময়ের মধ্যে চাইছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এটা নিয়ে কোনো ধরনের প্রহসন, টালবাহানা চাচ্ছি না।

আইসিটি ও টেলিকমের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করে রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে প্রথম অফিসে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এসময় কর্মকর্তাদের তাঁকে ‘স্যার’ না বলতে অনুরোধ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি। আমি জনগণের পক্ষ থেকে এসেছি, জনগণের দাবিদাওয়া নিয়ে এসেছি। এক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছি। আমি আপনাদের কাছে সহযোগিতা চাই।’

তরুণ নির্মাতাদের আকাঙ্খা পূরণে বেশি বেশি চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানিয়ে ডাক ও টেলিযেগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সেন্সর বোর্ডের কারণে যে ছবিগুলো আসেনি সেগুলো নিয়ে দ্রুত বসবো। সেন্সর বোর্ডকে দ্রুততার সঙ্গে পুনর্গঠন করবো। সেন্সর বোর্ড না থাকার যে দাবি, সেটিও আলোচনা করে যৌক্তিকতা অনুযায়ী সিদ্ধান্ত নেব। সেন্সরবোর্ডের পাশাপাশি আরও যে জুরি বোর্ড (জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সরকারি অনুদান) সেগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা উচিত। সার্বিকভাবে, আমাদের চলচ্চিত্র নিয়ে অনেক বেশি কাজ করতে হবে। তরুণ প্রজন্মের চলচ্চিত্র নির্মাণ নিয়ে অনেক আকাঙ্খা। তরুণ নির্মাতাদের আকাঙ্খা পূরণে বেশি করে চলচ্চিত্র নির্মাণ করতে হবে

তি‌নি বলেন, গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তির জায়গাটা হচ্ছে নিরপেক্ষতা। কিন্তু আমাদের দেশে গণমাধ্যমের ক্ষেত্রে দেখি, আওয়ামী লীগ-বিএনপির মতো গণমাধ্যমেও দুইটা ভাগ থাকে। এই বিষয়গুলো সাংবাদিকরা বিবেচনা করবেন, যাতে এ ধরনের দলীয় কোনো ভাগ সাংবাদিকদের মধ্যে না দেখি। যাতে তারা একটি নিরপেক্ষ জায়গা থেকে জনগণের জন্য কথা বলতে পা‌রে।

অনেকে এখন ব্যক্তিগত বিরোধের জের ধরে কারো বিরুদ্ধে মামলা করতে পারে এ বিষয়ে  জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, যারা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না, তাদের যেন কোনো ধরনের শাস্তি দেওয়া না হয়, সে বিষয়ে আমাদের নির্দেশনা রয়েছে। মামলাগুলো হলেও সেগুলো সুস্পষ্ট তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। সে বিষয়ে আইন মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া আছে।

ডিএফপি এবং পিআইবিতে ব্যাপক দুর্নীতি হয়-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, আমরা তো বলেছি যে দুর্নীতি, স্বজনপ্রীতির কোনো স্থান নেই। প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দাঁড় করাতে হ‌বে।

গণমাধ্যমকর্মী আইন প্রস‌ঙ্গে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এটি আমি দেখবো।

এসময় বিটিভিসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোকে দ্রুততার সঙ্গে গতিশীল ও আধুনিকীকরণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন আইসিটি উপদেষ্টা।